বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক সংবিধানের ১১৫ অনুচ্ছেদের ক্ষমতাবলে প্রণীত বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন বিধিমালা, ২০০৭ অনুযায়ী গঠিত। কমিশন বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের প্রবেশ পদ (সিভিল জজ)-এ নিয়োগের জন্য উপযুক্ত ব্যক্তিগণকে মনোনয়নের উদ্দেশ্যে প্রার্থীর নাম সুপারিশ, চাহিত মতে মহামান্য রাষ্ট্রপতিকে উপদেশ দান ও আইন বা বিধি দ্বারা নির্ধারিত অন্যান্য দায়িত্ব পালনে দায়বদ্ধ। কমিশন সিভিল জজ পদে নিয়োগের জন্য সুপারিশের উদ্দেশ্যে প্রার্থীদের মান-যোগ্যতা যাচাই, বর্ণিত পদে নিয়োগ পরবর্তী সময়ে বিভাগীয় পরীক্ষা গ্রহন ইত্যাদি কার্যক্রম সম্পন্ন করে আসছে।
এছাড়াও সারাদেশের অধস্তন আদালত/ট্রাইব্যুনালসমূহে সহায়ক কর্মচারির শূন্যপদে সরাসরি নিয়োগ নিমিত্ত ‘বাছাইকারী কর্তৃপক্ষ’ হিসাবে আবশ্যকীয় পরীক্ষা গ্রহণের মাধ্যমে যোগ্য প্রার্থী সুপারিশ করার দায়িত্ব কমিশনের উপর অর্পিত।